চাটমোহরে দুই শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১২ জুন ২০২১, ২১:২১

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে পৃথক স্থান থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালে ও রাতে এ দুইটি ঘটনা ঘটে। রাত ১০টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের রায়নগর গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও রায়নগর প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী মেহজাবিন খাতুন জেসির (৯) গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে স্বজনরা। চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠিয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।  এদিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামে ঐ দিন বিকালে পানিতে ডুবে বায়জীদ নামে দেড় বছরের এক শিশু মারা গেছে। বায়জীদ উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাঁইপাই গ্রামের বকুল ইসলামের ছেলে। শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরে তাকে তুলে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ফৈলজানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।