বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
বিরামপুরে রেজাউল করিম নামের এক আটোরিকশাচালককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহত রেজাউল করিম বিরামপুর পৌর এলাকার শান্তিনগরের মৃত রজব আলীর ছেলে। নিহতের ভাই রফিকুল ইসলাম বলেন, রেজাউল প্রতিদিনের মতো শুক্রবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, শনিবার ভোরে পৌর এলাকার শিমুলতলী ঈদগাহ মাঠের পাশে রেজাউলের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশের পাশে অটোরিকশা ও মোবাইল পড়েছিল। ঘটনার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
