গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
গোমস্তাপুরে নিখোঁজের দুই দিন পর মহানন্দা নদী থেকে রইসউদ্দিন (৪০) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কাশিয়াবাড়ীর দুর্গাপুর ঘাট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত রইসউদ্দিন উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভবানীপুর গ্রামের জবদুল হকের ছেলে। নিহতের বাবা জবদুল হক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রইসউদ্দিন বাড়ি থেকে বের হয়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে কাশিয়াবাড়ীর দুর্গাপুর ঘাটে স্থানীয়রা মহানন্দা নদীতে রইসউদ্দিনের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কুমার দাস বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবানীপুর গ্রামের ইমদাদুল ও মোস্তাকিমকে আটক করা হয়েছে। ভাসমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের দাবি রইসউদ্দিনকে হত্যা করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
