আদমদীঘিতে গাঁজাসহ দুই জন গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা আদমদীঘিতে শুক্রবার রাতে এক কেজি গাঁজাসহ সুমন ও সালাম নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ছাতিয়ান গ্রামে আদমদীঘি রাস্তার আমতলী নামক স্থান থেকে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতারসহ মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নৌ-দুর্ঘটনা রোধে মতবিনিময়
মদন (নেত্রকোনা) সংবাদদাতা নৌ-দুর্ঘটনা রোধে নৌকার চালক, মালিক ও ইজারাদারদের সঙ্গে শনিবার নেত্রকোনা জেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মদন উপজেলার উচিতপুর পর্যটন কেন্দ্রে হাওর বিলাস ভবনে এ মতবিনিময় হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান। এ সময় ট্রলার মালিক ও চালকদের মধ্যে লাইফ জ্যাকেট, সাঁতার কাটার টিউব বিতরণ করা হয়েছে।
কর্মহীন মানুষের মধ্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের হলরুমে শনিবার হতদরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির আয়োজনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এসব বিতরণ করা হয়। আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ আহম্মেদ।
নারীর প্রতি সহিংসতা নিরসনে মতবিনিময় সভা
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়ায় কোভিড-১৯ সময়ে নারীর প্রতি সহিংসতা, বাল্যবিয়ে এবং শিশু নির্যাতন নিরসন ও প্রতিকারের উপায় বিষয়ক এক মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকালে নারী নেত্রী নেট ওয়ার্কের উদ্যোগে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ মিলনায়তনে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের উপজেলা সভাপতি মো. রহুল আমিন মাস্টার।
ভালুকায় বিলুপ্তপ্রায় খাল ও নদী পরিদর্শন
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ভালুকায় শিল্প-কারখানার দখল ও দূষিত বর্জ্যে বিলুপ্তপ্রায় খীরু নদীসহ কয়েকটি খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। শনিবার দুপুরে তিনি বিলাইজুড়ি, লাউতি, মল্লিকবাড়ীর কয়েকটি খাল এবং খীরু নদী পরিদর্শন করেন। পরে মন্ত্রী দখলদারদের হাত থেকে খাল উদ্ধার করার আশ্বাস দেন।
শতভাগ ঈদ বোনাসের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি প্রদান
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা দেশের শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস ও জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি, নওগাঁ জেলা ও রাণীনগর উপজেলা শাখা। শুক্রবার বিকালে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আনোয়ার হোসেন হেলালের কাছে এ দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়। শিক্ষকদের শতভাগ ঈদ বোনাস ও জাতীয়করণের দাবি সংসদে জোরালোভাবে তুলে ধরার লক্ষ্যে পার-নওগাঁয় সংসদ সদস্যের নিজ বাসায় এই স্মারকলিপি প্রদান করেন জেলা ও উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতনতামূলক সভা
নেত্রকোনা প্রতিনিধি বজ্রপাতে মৃত্যুঝুঁকি কমাতে জনসচেতামূলক এক মতবিনিময় সভা শনিবার হাওর উপজেলা মদনের উচিত্পুরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি আবদুর রহমান। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা শরণখোলা উপজেলা সদরের জিলবুনিয়া এলাকায় বেড়িবাঁধের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব চেক বিতরণ করেন। ক্ষতিগ্রস্থ ২২টি পরিবারের মাঝে ৭৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
