সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সুফিবাদ পৃথিবীর সকল মানুষের কল্যাণে কাজ করে ----- সৈয়দ সাইফুদ্দীন আহমদ

আপডেট : ১২ জুন ২০২১, ২২:১৭

চট্টগ্রাম অফিস

পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ এর প্রেসিডেন্ট ও মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশিন শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ও পৃথিবীর সব মানুষের কল্যাণে কাজ করে চলেছে সুফিবাদ। শান্তি ও মানবতার ধর্ম ইসলামের মূল ভিত্তিই হচ্ছে সুফিবাদ। মাইজভান্ডার দরবার শরিফ বিশ্বব্যাপী সুফিবাদকে প্রসারিত এবং সুদৃঢ় করতে ব্যাপক অবদান রাখছে। তিনি বলেন, চট্টগ্রাম প্রেসক্লাব মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একটি প্রতিষ্ঠান। একইভাবে আমাদের মাইজভান্ডার দরবার শরিফও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে কাজ করে আসছে। তিনি গণমাধ্যম কর্মীদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে এবং সুফিবাদ ও মানবতার পক্ষে ক্ষুরধার লেখনী চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

হজরত গাউছুল আযম সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী (রহ.) এর প্রপৌত্র সুফি সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সরকারের পক্ষ থেকে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছেন। ইতিমধ্যে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন। এতে করে দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা যথার্থভাবে ধর্ম অনুশীলন করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী এসব কথা বলেন।

প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, বঙ্গবন্ধুও মাইজভান্ডার শরিফ যেতেন এবং সুফি আদর্শে বিশ্বাসী ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জেল থেকে মুক্তি পাওয়ার পরে মাইজভান্ডার শরিফ এসেছিলেন এবং তিনিও মাইজভান্ডারের আদর্শে বিশ্বাসী। আগামীতে বঙ্গবন্ধুর আদর্শের শক্তি হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাব ও মাইজভান্ডার শরিফ একসঙ্গে দেশের উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।