বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে দুই জনের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০২১, ২২:১৮

বরিশাল অফিস

বরিশালে গতকাল শনিবার দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। মৃতদের এক জন করোনায় ও অন্য জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। একই সময়ে বরিশাল বিভাগে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও শেবাচিম হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগে নতুন ২০ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ জনে। এর মধ্যে বরিশাল জেলায় নতুন শনাক্ত হয়েছেন মাত্র এক জন। জেলায় মোট ৭ হাজার ১৬৯ জন, পটুয়াখালী জেলায় নতুন দুই জন নিয়ে মোট ২ হাজার ৩৪৩ জন, ভোলা জেলায় নতুন পাঁচ জন নিয়ে মোট ১ হাজার ৯৭১ জন, পিরোজপুর জেলায় নতুন ১২ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৪৫ জনে পৌঁছেছে।

এছাড়া বরগুনা ও ঝালকাঠি জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। ফলে পিরোজপুর জেলায় মোট শনাক্ত আগের সংখ্যা ১ হাজার ৩০৮ ও ঝালকাঠি জেলায় মোট ১ হাজার ৩৭৬ জনেই অবস্থান করছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় বেতাগী পৌরসভা এলাকার বাসিন্দা আফজাল হোসেন (৪৫) করোনা আক্রান্ত হয়ে শেবাচিম হাসপাতলে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এতে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০ জনে। মোট সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৭০ জন।

শেবাচিম হাসপাতাল পরিচালকের তথ্য সংরক্ষক সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা ইউনিটে মোট পাঁচ জন ভর্তি হয়েছেন। উপসর্গ নিয়ে আইসোলেশনে ভর্তি এক জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে বর্তমানে ৬২ জন রোগী চিকিত্সাধীন রয়েছেন। চিকিত্সাধীন ব্যক্তিদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ এবং ৪৮ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২২ দশমিক ৩৪ শতাংশ পজিটিভ এসেছে।