সিলেট অফিস
আগামী ২৮ জুলাই অনুষ্ঠেয় সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব। ২৪ জনকে পেছনে ফেলে নৌকার টিকিট পেয়েছেন তিনি। সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গত ১১ মার্চ সিলেট-৩ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন মাহমুদ উস সামাদের স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক দুলাল, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ডিগ্রি কলেজের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান জকন, ব্যবসায়ী নেতা তাহমিন আহমদসহ মোট ২৫ জন।
শূন্য আসনে ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এ দফায় মেয়াদান্তে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব হয়নি। তপশিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৭ জুন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ জুন। ২৪ জুন হবে প্রতীক বরাদ্দ এবং ২৮ জুলাই ভোটগ্রহণ।
উপনির্বাচন বর্জন খেলাফত মজলিসের
এদিকে সিলেট-৩ আসনের উপনির্বাচন বর্জন করেছে খেলাফত মজলিস (দেয়াল ঘড়ি)। শনিবার বিকালে দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেশন হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় উপনির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন খেলাফত মজলিসের সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
