উপজেলা হাসপাতালে করোনা চিকিত্সায় রোবট সেবক

আপডেট : ১২ জুন ২০২১, ২২:১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ রোগীদের চিকিত্সায় দারুণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় খুদে বিজ্ঞানী শুভ কর্মকারের তৈরি রোবট ‘সেবক’। রোবটের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম।  সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোবটটিকে নিয়ে আসে কলেজছাত্র শুভ। খবর পেয়ে হাসপাতাল পরিদর্শনে যান ইউএনও। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।

শুভ জানায়, চিকিত্সা কাজে সরাসরি সহযোগিতার জন্যই তার এই প্রচেষ্টা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন অফিস কক্ষ থেকে এই রোবটের মাধ্যমে সরাসরি রোগীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে চিকিত্সা প্রদান করতে সক্ষম হন। ডাক্তার যত দূরেই থাকুন না কেন, নির্দেশনা মেনে রোগীর চিকিত্সা নিশ্চিত করবে এই রোবট। শুভ আরো জানায়, চিকিত্সায় সহযোগিতা ছাড়াও রোগীর অক্সিজেন সরবরাহ কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উত্পাদন করে ১৫ থেকে ২০ মিনিট তা সরবরাহ করতে পারবে। একই সঙ্গে ওষুধ আনা-নেওয়া, অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া, রোগীর প্রাথমিক চিকিত্সার ওষুধ সরবরাহ করা, সংক্রমিত রোগীর বর্জ্য তার শরীরে থাকা ইউভি রশ্মির মাধ্যমে জীবাণুমুক্ত করতে পারবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন  বলেন, ‘সেবক’ সরাসরি রোগীর কাছে যেতে পারবে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে রোগীকে সঙ্গ দিতে পারবে। রোগীর সঙ্গে কথা বলতে পারবে এবং এর মাধ্যমে রোগীকে প্রেসক্রিপশন দিতে পারবেন চিকিত্সকরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, রোবট ‘সেবক’ এর আরো প্রযুক্তিগত উন্নয়ন করা হলে করোনা মোকাবিলা সহজ হবে। রোগী তার প্রয়োজনীয় সেবা পাবে আবার চিকিত্সকও নিরাপদ দূরত্বে থেকে চিকিত্সা দিতে পারবেন। শুভ যে কোনো প্রকার সহযোগিতা চাইলে তা করা হবে।