এক মাসে ২০৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

জনসাধারণের মধ্যে মানসম্মত পণ্য এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে গত মে মাসে সর্বমোট ২০৯টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মাননিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্টস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। দেশব্যাপী মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয় বলে বিএসটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে র্যাব এবং পুলিশের সহায়তায় গত মে মাসে ৭৫টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর ফলে অবৈধভাবে বিএসটিআইর অনুমোদন ব্যতীত পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করায় ১৩০টি প্রতিষ্ঠানকে ১ কোটি ৪১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে একটি প্রতিষ্ঠান সিলগালা এবং পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ওজন ও পরিমাপে কম দেওয়ায় ৭৯টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও একই সময়ে ১৬১টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৩৪টি অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।