স্বাস্থ্য খাত সম্পর্কে টিআইবির তথ্য আগাগোড়া ভুল ---------স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২৪

বিশেষ প্রতিনিধি

স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির প্রকাশিত রিপোর্ট মিথ্যা ও ভুল তথ্যসংবলিত উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, ‘করোনা-কালীন সংকটকালে দেশের স্বাস্থ্য খাত যখন বিশ্বব্যাপী প্রশংসিত, তখন টিআইবি দেশের স্বাস্থ্য খাতকে নিয়ে একটি অসত্য রিপোর্ট তুলে ধরেছে। টিআইবির রিপোর্ট আগাগোড়াই ভুল তথ্যসংবলিত।’ গতকাল জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা যুদ্ধে শহিদ জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাহমুদ মনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে অনলাইন জুম অ্যাপে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে থেকে টিআইবি স্বাস্থ্য খাত নিয়ে মনগড়া সমালোচনা করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার দুঃসময়ে টিআইবি মাঠে নেমে কোনো কাজ করেনি। মাঠে কাজ করেছে দেশের স্বাস্থ্য খাতের চিকিত্সক, নার্সসহ অন্যান্য ফ্রন্টলাইন যোদ্ধারা। শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে তারা মুখস্থ বিদ্যার মতো ঢালাওভাবে স্বাস্থ্য খাতের সমালোচনা করেছে। টিআইবির করা কিছু সমালোচনা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, টিআইবি বলেছে দেশে কোভিড টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হয়নি। অথচ দেশে কোভিড টেস্টিং কেন্দ্র মাত্র একটি থেকে এখন ৫১০টি করা হয়েছে। টিআইবি বলেছে, হাসপাতাল গুলোতে করোনা বেড সংখ্যা বৃদ্ধি করা হয়নি, অথচ এখন দেশে করোনা বেড সংখ্যা ১৫ হাজারেরও বেশি। কিছুদিন আগেও ঢাকা নর্থ সিটি করপোরেশন হাসপাতালে প্রায় ১ হাজার নতুন কোভিড ডেডিকেটেড বেড বৃদ্ধি করা হয়েছে, যেখানে প্রায় সবই সেন্ট্রাল অক্সিজেন সুবিধাপ্রাপ্ত এবং সেখানকার অর্ধেক সংখ্যকেই আইসিইউ সুবিধা রয়েছে।

জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের পরিচালক মীর জামাল উদ্দিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ অন্য নেতৃবৃন্দ।