দুর্বল আম্পায়ারিংকে দুষছে মোহামেডান

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২৯

সাকিব কাণ্ড

 স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রায় এক যুগ ধরে শিরোপা জিততে পারছে না মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালো শিবিরের নবগঠিত ক্রিকেট কমিটি এবার ট্রফি জেতার আশায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছিল। সাকিবের চাহিদা মতোই পারিশ্রমিকও দিয়েছে ক্লাবটি। চলমান প্রিমিয়ার লিগে ক্লাবের নেতৃত্বের ভারও তার কাঁধে।

গত শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিরুদ্ধে মাঠে আচরণ বিধি ভেঙে শাস্তির মুখে পড়ছেন সাকিব। অনফিল্ড আম্পায়ারদের রিপোর্ট পর্যালোচনা করে ম্যাচ রেফারি নিজের রিপোর্ট জমা দিয়েছেন। যেখানে বলা হয়েছে, আচরণবিধির লেভেল থ্রি ধারা ভেঙেছেন সাকিব, তাতে শাস্তি তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা।

গতকাল মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। পরে সন্ধ্যায় বিসিবিও এ শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। ম্যাচ রেফারির শাস্তি সাকিব মেনে নেয়ায়, আনুষ্ঠানিক শুনানীর প্রয়োজন হয়নি।

এর ফলে প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগে পরের তিন ম্যাচে সাকিবকে পাচ্ছে না মোহামেডান। সাত ম্যাচ খেলে ৪ জয়ে ক্লাবটির সংগ্রহ ৮ পয়েন্ট।

মাসুদুজ্জামান আরো বলেছেন, পুরো ঘটনা দুঃখজনক। তবে মাঠে দুর্বল আম্পায়ারিংয়ের কারণেই এমন ঘটনা ঘটেছে মনে করেন তিনি। গতকাল বলেছেন, ‘ঘটনাটা দুঃখজনক। ক্রিকেটের আচরণ থেকে বের হয়ে যাওয়া এটা দুঃখজনক, এটা আমরাও উপলব্ধি করি। পাশাপাশি এটাও উপলব্ধি করি যে, দুর্বল আম্পায়ারিংয়ের কারণে খেলোয়াড়দের ভেতরে যে ক্ষোভ, অসন্তোষের বহিঃপ্রকাশ হচ্ছে।’

বাজে আম্পায়ারিং ঠেকানোর চিন্তাকে গুরুত্ব দিতে বলেছেন মাসুদুজ্জামান। তিনি বলেন, ‘আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা এই দুর্বল আম্পায়ারিংয়ের ব্যাপারে কী করতে পারি, কী কাজ করার আছে। এটা নিয়ে ভাবতে হবে, আমি মনে করি, ভাবা দরকার।’

মুশফিকের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ারের সাড়া না পেয়েই রেগে যান সাকিব। বাজে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত দেখে নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। মাসুদুজ্জামান বলেন, ‘ও (সাকিব) যখন দেখছে, সঠিক রায় পাচ্ছে না, তখন হয়তো নিজেকে ধরে রাখতে পারে নাই।’

গত কিছুদিন ধরেই গুঞ্জন আছে, লিগের মাঝপথে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন সাকিব। মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান জানালেন, আনুষ্ঠানিকভাবে এমন কোনো আলোচনা হয়নি সাকিবের সঙ্গে। বরং বাঁহাতি এ অলরাউন্ডারকে সুপার লিগে পাওয়ার আশাই করছে মোহামেডান।

মাসুদুজ্জামান বলেন, ‘সরাসরি কথা হয়নি, কোথাও কোথাও হয়তো শেয়ার করেছে। অফিশিয়ালি এ ব্যাপারে আমাদের সঙ্গে কথা হয়নি। আমরা চেষ্টা করছি যাতে আরো কয়েকটা ম্যাচ খেলে।’