তিন আসনের উপনির্বাচন

অপেক্ষাকৃত পরিচ্ছন্নরাই নৌকার কান্ডারি

আপডেট : ১২ জুন ২০২১, ২২:৪৯

তিনটি সংসদীয় আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। অপেক্ষাকৃত পরিচ্ছন্নরা পেয়েছেন নৌকার মনোনয়ন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় মনোনয়ন বোর্ড সাংগঠনিক ও বিভিন্ন সংস্থার ছয় জরিপ রিপোর্টের ভিত্তিতে মনোনয়ন নির্ধারণ করে। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত জনপ্রিয় নেতাদের প্রার্থী করায় তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা খুশি। মনোনীতরা তিনটি আসনেই দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করছেন।

আসলামুল হকের মৃত্যুতে শূন্য ঢাকা-১৪ আসনে নৌকার প্রার্থী করা হয়েছে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টুকে। আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শূন্য কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসেম খান এবং মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মনোনয়ন পেয়েছেন। গতকাল শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বের্ডের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাদের মনোনয়ন দেওয়া হয়।

প্রয়াত তিন এমপির স্ত্রীরা মনোনয়ন পাননি। ঢাকা-১৪ আসনে উপনির্বাচনে প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের স্ত্রী মাকসুদা হক, সিলেট-৩ আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য প্রয়াত আব্দুল মতিন খসরুর স্ত্রী সেলিমা সোবহান খসরু মনোনয়ন চেয়েছিলেন। একই সঙ্গে ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী নেতা মনোনয়ন চাইলেও শেষ পর্যন্ত তাদের কেউই মনোনয়ন পাননি। শুরু থেকেই দলের মধ্যে আলোচনা ছিল যে, এবার তৃণমূলের নেতারাই মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। এদিকে এবার একশ্রেণির মনোনয়নপ্রত্যাশী বিপুল অঙ্কের টাকা নিয়ে দৌড়ঝাঁপ চালিয়েছিলেন। কেউ কেউ বিদেশ থেকে হুন্ডিসহ বিভিন্ন মাধ্যমে টাকাও এনেছিলেন। কিন্তু টাকা ও তদ্বিরে কোনো কাজ হয়নি। এ কারণে তাঁদের মাথায় হাত।

বৈঠক সূত্র জানায়, ঢাকা-১৪ আসনে প্রবীণ নেতা আগা খান মিন্টুর মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকায় আদিবাসিন্দা প্রয়োজন। এছাড়া দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকে আমরা মূল্যায়ন করতে চাই। সে কারণে আগা খান মিন্টুকে বেছে নেওয়া হয়। প্রসঙ্গত, আগা খান মিন্টু স্বাধীনতার আগে মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ১৯৯৩ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। কুমিল­া-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসেম খানকে প্রার্থী মনোনীত করার ক্ষেত্রে তার দীর্ঘদিন ধরে দল করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। কুমিল্লা-৫ আসনে মনোনয়ন প্রসঙ্গে দলীয় সভানেত্রী বলেন, ‘বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে আগেও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরাই তাকে হারিয়ে দিয়েছেন এমন তথ্য পেয়েছি। দলের ত্যাগী ব্যক্তি। সে কারণেই সংসদ নির্বাচনে তাকে মূল্যায়ন করা প্রয়োজন।’

সিলেট-৩ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানকে বেছে নেন মনোনয়ন বোর্ডের সদস্যরা। হাবিবুর রহমান আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন লন্ডনপ্রবাসী হলেও রাজনীতিতে সক্রিয়। লন্ডন ও সিলেটে নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। প্রার্থী হওয়ার আগে তিনি যুক্তরাজ্যের পাসপোর্ট স্যারেন্ডার করে বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন। এসব বিষয়ে বৈঠকে আলোচনা হয় এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্যরা তাকেই প্রার্থী করার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, তিন আসনের উপনির্বাচনে ৯৪ জন প্রার্থী থাকলেও বৈঠকে শুধু গুরুত্বপূর্ণ কয়েক জনকে নিয়ে আলোচনা হয়। বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, ড. আব্দুর রাজ্জাক ও মুহম্মদ ফারুক খান উপস্থিত ছিলেন।

আসলামুল হক গত ২ এপ্রিল, মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৭ জুন যাচাইবাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ২৮ জুলাই হবে ভোটগ্রহণ।