তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ১২ জুন ২০২১, ২২:৫০

গত শুক্রবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে আম্পায়ারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, খেলোয়াড়দের আচরণ বিধি ভঙ্গের কারণে সাকিব আল হাসানকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও করা হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে।

গতকাল শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এ শাস্তি ঘোষণা করেন প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম।

ম্যাচ রেফারি মোরশেদুল ইসলাম সাকিবের বিরুদ্ধে খেলোয়াড়দের আচরণ বিধির লেভেল-৩ পর্যায়ের ধারা ভঙ্গের অভিযোগ এনেছেন। আম্পায়ারদের রিপোর্ট দেখার পর ম্যাচ রেফারিই সাকিবকে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানার সুপারিশ করেছেন। হোটেল ওয়েস্টিনে বসে ম্যাচ রেফারির শাস্তির নোটিশ পান সাকিব। অপরাধ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গতকাল কাজী ইনাম সাংবাদিকদের বলেছেন, ‘দুইটা অভিযোগ ছিল। একটি ৪.৬ ওভারে এলবিডব্লিউর আবেদন, যার প্রতিক্রিয়ায় সাকিব লাথি মেরে উইকেট ভেঙে দিয়েছেন। আরেকটা ছিল ৫.৫ ওভারের পর, যখন আম্পায়াররা মাঠে কাভার ডাকেন এবং সাকিব উইকেট তুলে ছুঁড়ে ফেলে দেন।’ সিসিডিএম চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা যে রিপোর্ট দেখেছি, তাতে দুই অপরাধের জন্য লেভেল-৩ সাকিবের বিরুদ্ধে গিয়েছে। সেক্ষেত্রে তার নিষেধাজ্ঞা ৩ ম্যাচ এবং জরিমানা ৫ লাখ টাকা। ম্যাচ রেফারি ও আম্পায়াররা যে রিপোর্ট দিয়েছে তাই চূড়ান্ত সিদ্ধান্ত।’ ম্যাচে দুইবার মেজাজ হারিয়েছিলেন সাকিব। প্রথম ঘটনার জন্য ১ ম্যাচ নিষিদ্ধ, ২ লাখ টাকা জরিমানা এবং দ্বিতীয় ঘটনার জন্য ২ ম্যাচ নিষিদ্ধ, ৩ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।

এই শাস্তির ফলে প্রিমিয়ার লিগে আগামী তিন ম্যাচে অধিনায়ক সাকিবকে পাবে না মোহামেডান। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে তাকে পাবে ক্লাবটি। ৭ ম্যাচে ৪টি জয়ে মোহামেডানের সংগ্রহ এখন ৮ পয়েন্ট।

গত শুক্রবার মুশফিকের বিরুদ্ধে এলবিডব্লিওর আবেদনে সাড়া না পেয়ে স্টাম্পে লাথি মেরেছিলেন মোহামেডান অধিনায়ক। পরে বৃষ্টিতে খেলা বন্ধের ঘোষণা দেখে স্টাম্প উপড়ে মাটিতে আছড়ে ফেলেন। মাঠে আম্পায়ারদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন। পরে নিজের আচরণের জন্য ফেসবুক পোস্টে সবার কাছে ক্ষমা চেয়েছেন সাকিব।