প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, আসন্ন নির্বাচনে বরিশালের নদী বেষ্টিত হিজলা, মেহেন্দিগঞ্জ ও মুলাদীতে প্রয়োজনীয়সংখ্যক গোস্ট গার্ড মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বরিশাল সার্কিট হাউজে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, করোনার কারণে এর আগে একদফা নির্বাচন পেছানো হলেও সংক্রমণ তুলনামূলক কম হওয়ায় এলাকাগুলোতে বৃষ্টির মধ্যে নির্বাচন চালিয়ে যেতে হবে। নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। এসময় প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনারের কাছেই থাকা উচিত। নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশের বিশিষ্ট ৪২ জন নাগরিকের দুর্নীতি অভিযোগের বিষয়ে তিনি বলেন, অভিযোগকারীদের সরকারি কেনাকাটা আইনের বিষয়ে ধ্যান-ধারণা নেই। তাদের সবগুলো অভিযোগ মিথ্যা ও অসত্য।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন প্রমুখ।
