মেহেরপুরের মুজিবনগরে নেশা করতে নিষেধ করার জের ধরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে খুন করেছে এক মাদকসেবী। ঘটনার পরপরই গ্রামবাসী ঐ মাদকসেবীকে পিটিয়ে মেরে ফেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যতারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান (৩৫) ও তার হত্যাকারী একই গ্রামের আবুল হোসেন মণ্ডলের ছেলে মনিরুল ইসলাম মনি (৩০)। স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। সে প্রকাশ্যে মাদক সেবনের পাশাপাশি নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। মনিরুলের সঙ্গে এলাকার বিভিন্ন অপরাধীদের সম্পৃক্ততা থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, মনিরুল গতকাল রাস্তার পাশে গাঁজা সেবন করার সময় সাইদুর তাকে নেশা করতে নিষেধ করে। মনিরুল এতে ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে সাইদুরকে ধারাল হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয়রা মনিরুলকে কাঁচা পাট দিয়ে বেধে পিটিয়ে হত্যা করে। দুই জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার এস এম মুরাদ আলী গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
