বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই—আওয়ামী লীগ কী করছে, করুক। জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ভেসে যাবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তাই আসুন, অতি দ্রুত আমরা নিজেদের পুরোপুরি সংগঠিত করে ফেলি। নিজেদের ভুল বুঝাবুঝি, বিভেদগুলো দূর করি। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে একত্রিত করে আমরা আওয়ামী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে মধ্য দিয়ে আমরা যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি, গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি সেজন্য কাজ করি। গতকাল শনিবার এক ভার্চুয়াল আলোচনা সভায় ফখরুল এসব কথা বলেন। গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বিএনপির গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিনের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় গয়েশ্বর চন্দ্র রায়,আমানউল্লাহ আমান আবদুস সালাম আজাদ, সালাহ উদ্দিন সরকার, কাজী ছাইয়েদুল আলম বাবুল, সোহরাব উদ্দিন, মজিবুর রহমান, হুমায়ুন কবির খান, মীর হালিমুজ্জামান ননি, খন্দকার আজিজুর রহমান পেয়ারা, হুমায়ুন কবীর মাস্টার, শওকত হোসেন সরকার, মাহবুব আলম শুক্কুর, ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
