বিজেপিতে ঘনিষ্ঠ বিধায়কদের ফোন
ইত্তেফাক ডেস্ক
পুরোনো দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই সক্রিয়ভাবে কাজ শুরু করেছেন মুকুল রায়। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, শুক্রবার দলে ফেরার পর একাধিক বিজেপি বিধায়ককে তিনি ফোন করেছেন। তাদেরকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ঐ বিধায়কদের অনেকেই তাদের ঘনিষ্ঠজনকে এ কথা জানিয়েছেন। বিজেপি নেতৃত্বও মুকুল রায়ের এই ফোনের কথা জানতে পেরেছে। বিজেপি নেতা মনোজ টিগ্গা জানিয়েছেন, মুকুলের ফোন সম্পর্কে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী পদক্ষেপ নেবেন।
শুক্রবার বিকালে পুত্র শুভ্রাংশুকে নিয়ে মুকুল রায় আবারও তৃণমূলে ফিরেছেন। এরপর রাতে বাড়ি ফিরেই বিজেপিতে থাকা তার ঘনিষ্ঠ বিধায়কদের ফোন করা শুরু করেন। গতকাল শনিবার সকালেও বেশ কয়েক জন বিধায়ককে ফোন করেন বিজেপির সদ্য সাবেক সর্বভারতীয় সহসভাপতি। সব মিলিয়ে অন্তত ১০ জন বিজেপি বিধায়ককে ফোন করেন তিনি। তাদের তৃণমূলে যোগ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।
খবরে বলা হয়েছে, মুকুল রায়ের এই তত্পরতার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় নিজেদের শক্তি ধরে রাখতে সচেষ্ট হয়েছে বিজেপি। মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ায় বিধানসভায় তাদের সদস্যসংখ্যা ৭৪-এ দাঁড়িয়েছে।
