টঙ্গীর অলিম্পিয়া টেক্সটাইল মিলের ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার না হতেই একই এলাকার পার্শ্ববর্তী বস্তিতে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক বাসাবাড়ি, দোকান ও ঝুটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন জানান, শুক্রবার রাত সোয়া ৩টার দিকে মিলগেট চুড়ি ফ্যাক্টরির পেছনের বস্তিতে থাকা ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। খবর পেয়ে উত্তরা, সদর দপ্তরসহ ফায়ার সার্ভিসের আরো পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে তারা শনিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
