আইসিইউতে লেখক সমরেশ

আপডেট : ১৩ জুন ২০২১, ০০:২৪

শ্বাসনালি ও ফুসফুসের সংক্রমণ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়েছেন বর্ষীয়ান সাহিত্যিক সমরেশ মজুমদার। তবে তিনি করোনা সংক্রমিত হননি। তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সমরেশের চিকিত্সার জন্য তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারাই প্রতি মুহূর্তে সাহিত্যিকের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। শ্বাসনালিতে সংক্রমণ থাকায় তার শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতালে ভর্তির পরে তার বুকের এক্সরে করে দেখা হয়। এছাড়া সিটি স্ক্যান ও করোনা পরীক্ষাও হয়। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে চিকিত্সকরা। তারা জানিয়েছেন, সমরেশ মজুমদারের শ্বাসনালিতে গভীর সংক্রমণ রয়েছে।

সমরেশ মজুমদারের বয়স হয়েছে ৭৯ বছর। গত শুক্রবার সকাল থেকে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল তার। ধীরে ধীরে তা বাড়তে থেকে। তাই পরিবার কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। বর্ষীয়ান সাহিত্যিকের আরোগ্য কামনা করেছে তার ভক্ত-শুভার্থীরা।

সমরেশ মজুমদার ১৯৪২ সালের ১০ মার্চ ডুয়ার্সের গয়েরকাটায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘দৌড়’। এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস উপহার দিয়েছেন তিনি।

তার সেরা সৃষ্টি হয়ে রয়েছে ‘উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ’ ট্রিলজি। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার অর্জন করেন সমরেশ মজুমদার।