মীর আফসারও ছাড়লেন না নুসরাতকে

আপডেট : ১৩ জুন ২০২১, ১৭:২৪

নিখিল জৈনকে বিয়ে করেননি। লিভ ইন সম্পর্কে ছিলেন। তাই বিবাহ বিচ্ছেদের প্রশ্নই উঠছে না। এমন বিবৃতির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে উঠে আসেন তারকা সাংসদ নুসরাত জাহান। নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় নুসরাতকে দোষ দিয়ে খোঁচা মারছেন। দিন-দুয়েক আগে নুসরাতের অযৈকতিক দাবি ঘিরে তাকে তো মিথ্যাবাদী তকমা দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবার নুসরাত আলোচনার আগুনে ঘি ঢেলে দিলেন সঞ্চালক, অভিনেতা মীর আফসার আলি। আফসারের হিউমার মিশ্রিত পোস্টে এখন কমেন্টের বন্যা বইছে।
 
আক্ষরিক অর্থেই ‘খেলা’র ছলে তিনি কটাক্ষ করেছেন নুসরাতকে। পোস্টটি দেখলেই বুঝতে পারবেন। মীর লেখেন, ‘ইউরো ২০২০ শুরু হলো। ইটালির বিরুদ্ধে সেই দলের ম্যাচ যেখানে কোনো একজন বিয়ে করেছিলেন কিংবা করেননি।’ 

সরাসরি তুরস্কের নাম না লিখে এভাবেই ইটালির প্রতিপক্ষ দেশের বর্ণনা দিয়েছেন তিনি। মীরের সেই পোস্ট ভাইরাল হতে একেবারেই বেশি সময় লাগেনি।

অনেকেই মন্তব্য করে বুঝিয়ে দিয়েছেন, যেমন দক্ষ ও সূক্ষ্মভাবে নুসরাতকে নিয়ে মশকরা করেছেন মীর, তা একজন ‘শিল্পী’র পক্ষেই সম্ভব। তাই তো ইটালির ম্যাচ অতীত হলেও এখনো চর্চায় মীরের এই পোস্ট।

অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নুসরাতের সম্পর্ক এবং তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনার মাঝেই বোমা ফাটান নুসরাত। বলে দেন, নিখিলের সঙ্গে বিয়েই করেননি তিনি। তারপরই প্রশ্ন উঠেছে, তুরস্কের ডেস্টিনেশন ওয়েডিং, মালাবদল- এসবই কি তাহলে মিথ্যে! আলোচনা অব্যাহত। কিন্তু মীরের ‘কীর্তি’ কি নুসরত দেখলেন! কে জানে।

ইত্তেফাক/বিএএফ