ইমতিয়ার শামীম
কথাপ্রকাশ
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা। মূল্য : ১৫০ টাকা
বিংশ শতাব্দীর সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী লেখক, স্প্যানিশভাষী গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসকে নিয়ে নানা উপলক্ষে লেখা রচনাগুলোকে ইমতিয়ার শামীম একসঙ্গে করেছেন এই বইয়ে। সেইসঙ্গে রয়েছে ট্র্যাজিক এক মৃত্যুর শিকার চিলির জননন্দিত নেতা সালভাদর আলেন্দে ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরাক্রমশালী সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটনকে নিয়ে লেখা মার্কেসের দুটি নিবন্ধ, লেখকের ভূমিকার ভাষায়, ‘দুর্বল অনুবাদ’। হয়তো নানা উপলক্ষই বাধ্য করেছে তাঁকে এসব লেখা লিখতে; কিন্তু শেষ পর্যন্ত তা আর নিছক উপলক্ষে আবদ্ধ থাকেনি। হয়ে উঠেছে মার্কেসের টুকরো কিন্তু অখণ্ডিত অবলোকন, নিবিড় অধ্যয়ন।
বিশ্বের সাহিত্য ও রাজনীতির ওপর মার্কেসের সুদৃরপ্রসারী প্রভাবের নানা দিক উঠে এসেছে এসব লেখায়; কীভাবে তিনি সাহিত্যকে প্রভাবিত করেছেন জীবনযাপন দিয়ে, কীভাবে তাঁর জীবনযাপন প্রভাবিত হয়েছে সাহিত্যের সংস্পর্শে; শৈশব আর তখনকার মানুষেরা কী করে আন্দোলিত করেছে মার্কেস ও তাঁর সাহিত্যকে, কী করে তাঁর ও কাস্ত্রোর বন্ধুত্ব সাহিত্য ও রাজনীতির মেলবন্ধন হয়ে উঠেছে এবং নতুন এক চিন্তার জগতের দুয়ার খুলে দিয়ে গেছে—ইমতিয়ার শামীম নানাভাবে আবর্তিত হয়েছেন এসবের মধ্যে। আবর্তিত হয়েছেন মার্কেসের বিভিন্ন গ্রন্থের সদরে-অন্দরে; তবে শুরুতেই বলে দিয়েছেন, আকাশচুম্বী সফলতার পরও কোনো কন্যার জনক হতে পারেননি বলে মার্কেস নিজেকে বরাবরই ভেবেছেন, অসফল এক মানুষ।
