এই সময়ের ছড়া
সৈয়দ সায়েম
ইচ্ছে মনে লিখব ছড়া
কেমন করে লিখি
শিক্ষানবীশ আজো আমি
প্রতিদিনই শিখি।
ছড়ার বিষয় নির্বাচনে
কী দেই প্রাধান্য
সকালবেলা, রাত্রিবেলা
নাকি অপরাহ্ন?
শব্দ-ঝাঁপি থাকতে হবে
এবং ছন্দ জ্ঞান
থাকতে হবে অধ্যবসায়
এবং নীরব ধ্যান।
ছড়া লেখা নয়তো সহজ
নয়তো ছেলেখেলা
তার চে’ বরং আকাশ দেখে
কাটিয়ে দেই বেলা।
০
