নতুন ছবিতে নওশাবা আহমেদ

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৪৫

 বিনোদন প্রতিবেদক

 

‘আমরা সাধারণত যেমনভাবে একটি গল্প উপস্থাপন করে থাকি সেই ধারার বাইরে গিয়ে এই ছবিটির গল্প একটু ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হয়েছে। ছবিটিতে একজন মফস্বলের মেয়ের শিল্পী হওয়ার স্বপ্ন, সংসারের দায়বদ্ধতা এবং নানা প্রতিবন্ধকতার মাঝেও প্রেমকে টিকিয়ে রাখার যুদ্ধকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিটিতে ভিন্ন এক নওশাবাকে দেখতে পাবেন দর্শকরা।’—নিজের নতুন ছবির গল্প ও চরিত্র প্রসঙ্গে কথাগুলো বললেন অভিনেত্রী নওশাবা। মাঝে কাজ কম করলেও বর্তমানে অভিনয়ে সরব হওয়া এবং নতুন ছবি নিয়ে জানতে চাইলে নওশাবা বলেন, ‘নতুন এই ছবিটির প্রথম লটের কাজ শেষ করলাম। ছবির নাম আপাতত বলতে চাচ্ছি না। এটা আমার দর্শকদের জন্য একটি বিশেষ চমক হিসেবে রাখছি। আর সরব হওয়ার বিষয়ে বলবো, বিচ্ছিন্ন সেই ঘটনার পর থেকে জানি না কেন আমাকে সেভাবে কাজে ডাকা হতো না। এছাড়া ভিউ পাওয়ার মতো কোনো কাজে নিজেকে সম্পৃক্ত রাখি না। এজন্যও অনেকে ভাবতেন আমাকে নিলে তাদের টিআরপি বা ভিউ কম হবে। তবে এখন ধীরে ধীরে অনেকেই কাজে ডাকছেন।’ এই ছবিটির বাইরেও নওশাবা বেশকিছু কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অভিনয় করছেন ওয়েব সিরিজেও। এদিকে ওটিটি মাধ্যম নিয়ে কিছু নেতিবাচক সমালোচনা হলেও শিল্পী কলাকুশলীদের কাজের পরিধি বেড়েছে। নওশাবা বলেন, ‘অমানুষ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছি। পাশাপাশি একটি ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনের কাজের কথা চলছে। ওটিটি মাধ্যমটির সকলের জন্যই আশার আলো নিয়ে এসেছে। তবে এটার সঠিক ব্যবহার করে আমাদের সময়ের সঙ্গে তাল মেলাতে হবে।’ অন্যদিকে, অভিনয়ের বাইরে দীর্ঘদিন ধরেই বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছেন নওশাবা। এই শিশুদের জীবন গড়তে সহযোগিতার পাশাপাশি তাদের নিঃস্বার্থ ভালোবাসার মাঝে নিজেকে সবসময় সম্পৃক্ত রাখতে চান বলে জানান এই অভিনেত্রী।