বিনোদন প্রতিবেদক
চলচ্চিত্রের এই সংকটকালে নিয়মিত ছবি নির্মাণে ব্যস্ত রয়েছেন নির্মাতা অনন্য মামুন। সাম্প্রতিক সময়ে তার নির্মিত ছবিগুলোও বেশ প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। গত ঈদে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘কশাই’ সিনেমাটির সাড়াও ছিল ইতিবাচক। সেই ধারাবাহিকতায় বর্তমানে বেশ কয়েকটি ছবি নির্মাণ করছেন তিনি। নিজের ব্যস্ততা প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘আমার অমানুষ ছবিটির কাজ শেষের পথে। এছাড়া কশাই ছবিটির সিক্যুয়েলের কাজ চলছে। পাশাপাশি আন্তর্জাতিক প্লাটফর্মের জন্য একটি ওয়েব সিরিজ করবো। সেটার প্রস্তুতি নিচ্ছি।’ অন্যদিকে প্রথমে ওটিটি প্লাটফর্মে নবাব এলএলবি ছবিটি মুক্তি দেন অনন্য মামুন। কিন্তু ছবিটির কিছু দৃশ্যের কারণে নানা প্রতিকূলতার সম্মুখীন হয়। এছাড়া অর্ধেক ছবি মুক্তি নিয়েও চলে নানা সমালোচনা। শুরুতেই এমন কাজ নতুন মাধ্যমটিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে অনেকেই মন্তব্য করেন। তবে এবার সেন্সর ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত এই ছবিটি। এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘যেকোনো ছবির সেন্সর পাওয়া একজন নির্মাতার জন্য বিশেষ কিছু। সেটা নবাব এলএলবির মতো একটি বহুল আলোচিত ছবি হলে তো কথাই নেই। আমরা ছবিটির বেশকিছু অংশ কর্তন ও সংযোজন করে সেন্সর বোর্ডে জমা দিয়েছিলাম। অবশেষে এই সাফল্য এলো। পরিকল্পনা রয়েছে ঈদের আগেই ছবিটি হলে মুক্তি দেওয়ার। আর ওটিটি নিয়ে বলবো, একটি নতুন মাধ্যম এলে সেখানে শুরুতে কিছু ভুলত্রুটি হবেই। সেই ভুল থেকে শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।’ এদিকে অন্যান্য দেশে নিজেস্ব ওটিটি মাধ্যমগুলো জনপ্রিয়তা পেলেও আমাদের দেশে সেভাবে এখনো কোনো প্লাটফর্ম জনপ্রিয় হয়নি। এ নিয়ে অনন্য মামুন আরো বলেন, ‘একটি নতুন মাধ্যম এলে সেটার পরিচিতি বা অবস্থান তৈরি করতে একটু সময় লাগবেই। দর্শকরা দেখবে, বুঝবে তবেই তো গ্রহণ করবে। তবে এখন আমাদের প্লাটফর্মগুলোর অবস্থা অনেক ভালো। এই মাধ্যমের কাজ নিয়ে বলবো, আমি দেশীয় সংস্কৃতির বাইরে গিয়ে কোনো কিছু করার পক্ষে নই। তাছাড়া ওটিটি মাধ্যমের কাজে কোনো স্টার না, গল্পই স্টার হয়ে থাকে। কারণ এখানে মানুষ রিয়েলিস্টিক একটি কাজ দেখতে চায়।’
