বিনোদন রিপোর্ট
শিল্পকলা পদকের জন্য ১৮ গুণীজন ও ২ সংগঠনকে মনোনীত করা হয়েছে। জাতীয় পর্যায়ে শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য প্রতিবছর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই পদক দেওয়া হয়। তবে করোনার কারণে এবার ২০১৯ ও ২০২০ সালের পদক একসঙ্গে দেওয়া হচ্ছে। পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও ১ লাখ করে টাকা তুলে দেওয়া হবে।
২০১৯ সালের জন্য মনোনীত ৯ গুণীজন হচ্ছেন যন্ত্রসংগীতে মনিরুজ্জামান (বাঁশি), নৃত্যকলায় লুবনা মারিয়াম, কণ্ঠসংগীতে হাসিনা মমতাজ, চারুকলায় আবদুল মান্নান, নাট্যকলায় মাসুদ আলী খান, ফটোগ্রাফিতে এম এ তাহের, লোকসংস্কৃতিতে শম্ভু আচার্য (পট শিল্পী), আবৃত্তিতে হাসান আরিফ, চলচ্চিত্রে অনুপম হায়াত এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘ছায়ানট’।
এছাড়া ২০২০ সালের জন্য মনোনীত ৯ গুণীজন হচ্ছেন যন্ত্রসংগীতে সামসুর রহমান (সানাই), নৃত্যকলায় শিবলী মোহাম্মদ, কণ্ঠসংগীতে মাহমুদুর রহমান বেণু, চারুকলায় শহিদ কবীর, নাট্যকলায় মলয় ভৌমিক, ফটোগ্রাফিতে মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম স্বপন, লোকসংস্কৃতিতে শাহ আলম সরকার, আবৃত্তিতে ডালিয়া আহমেদ, চলচ্চিত্রে শামীম আখতার এবং সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘দিনাজপুর নাট্য সমিতি’।
