রংপুর মেডিক্যাল থেকে ১০ দালাল আটক

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৫

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার দুপুরে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাসপাতালে দালালদের দৌরাত্ম্য কমানো ও শৃঙ্খলা ফেরাতে সাঁড়াশি এ অভিযান পরিচালনা করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে শুক্রবার সন্ধ্যায় মায়ের চিকিত্সা করাতে এসে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় হাসপাতালের স্টাফ ও দালালদের হামলায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও নগরী জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এরপরই গোয়েন্দা পুলিশ রবিবার দুপুরে হাসপাতালে সাঁড়াশি অভিযান পরিচালনা করে দশ দালালকে আটক করে। নীলফামারীর ডোমার থেকে নানাকে নিয়ে আসা সঞ্জয় কুমার জানান, এখানে দুর্নীতির শেষ নেই। টাকা ছাড়া বেড মিলে না। ওয়ার্ড বয়রা জিম্মি করে বিভিন্ন ধাপে নিয়মবহির্ভূতভাবে রসিদ ছাড়াই টাকা আদায় করছে। রংপুর মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দশ দালালকে আটক করেছি। অনিয়ম ও দুর্নীতি বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম এ বিষয়ে বলেন, আমি শুনেছি পুলিশ অভিযান করেছে। কয়জনকে গ্রেফতার করেছে তা আমার জানা নেই। তবে সম্মিলিতভাবে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালকে দালালমুক্ত করা দরকার।