ডাকাত দলের সাত জন গ্রেফতার

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৫

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা থানাপুলিশ ট্রাক ডাকাত দলের সাত জনকে গ্রেফতার করেছে। শনিবার বিকাল থেকে রবিবার সকাল পর্যন্ত খুলনার ফুলতলা, যশোরের চুরামনকাটি ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া পাট ও ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো—সাইফুল ইসলাম, পিন্টু মিয়া, সুজন রায়, ইমরান খান সাগর, মনিরুল জোয়ার্দ্দার, আব্দুস সালাম ও নাহিদ হাসান। শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন জানান, গত বুধবার রাতে পাবনা থেকে একটি ট্রাক পাট নিয়ে যশোরের আকিজ জুট মিলে যাচ্ছিল। শৈলকুপা উপজেলার চাঁদপুর থেকে একদল ডাকাত পাট বোঝাই ট্রাকটি লুট করে। এ ঘটনায় আকিজ জুট মিল কর্তৃপক্ষ শুক্রবার শৈলকুপা থানায় মামলা দায়ের করলে জড়িত সাত জনকে গ্রেফতার করা হয়।