মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন সাহারবাটি ইউনিয়নের একটি অতি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক (প্রফেসর ড. মো. আবদুর রশিদের বাড়ি সংলগ্ন) দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে, যা ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কয়েক বছর আগে রাস্তাটিতে ইট বসানো হয়েছিল। কিন্তু জলাবদ্ধতা ও অব্যবস্থাপনায় রাস্তার ইটগুলো খসে পড়েছে এবং বিভিন্ন স্থানে মাটি ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষাকালে রাস্তায় এক হাঁটু কাদা-পানি জমে। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচল করাও বিপজ্জনক হয়ে পড়ে। তাই জরুরিভিত্তিতে রাস্তাটি পাকা করে জনগণের দুর্দশা লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
তাজওয়ার ফাহিম
সাহারবাটি, গাংনী, মেহেরপুর
