বান্দরবান জেলার একটি দুর্গম পাহাড়ি উপজেলা থানচি। বর্তমানে এই অঞ্চলের দুর্গম পাহাড়ি মহল্লাগুলোতে হঠাত্ বেড়েছে ম্যালেরিয়া প্রাদুর্ভাব। এরই মধ্যে এখানকার অসংখ্য মানুষ ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই এলাকার স্বল্প সংখ্যক ম্যালেরিয়া রোগী চিকিত্সাসেবা পেলেও সিংহভাগ রোগী কোনো চিকিত্সাসেবা না পেয়ে, ঘরে রোগে ভুগছে। স্বাস্থ্যসেবা না পাওয়ার প্রধান কারণ হলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলের ঘাটতি এবং অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্নতা। ফলে এ অঞ্চলের ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়া একান্ত জরুরি। কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব পার্শ্ববর্তী এলাকাগুলোতেও ব্যাপকহারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই এই মুহূর্তে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দুর্গম এলাকায় ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব শীঘ্রই নিরসন এবং রোগীদের পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের ব্যাপারে।
আসাদুজ্জামান সম্রাট
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
