বাইকারের সতর্কতা জরুরি

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:০০

সবচেয়ে নির্মম ও বিপজ্জনক দুর্ঘটনা ঘটায় বাইক। বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনা বেশি হচ্ছে। মোটরসাইকেলে হেলমেট পরা বাধ্যতামূলক; অথচ অনেকেই হেলমেট বিহীন চালাচ্ছে। অসংখ্য পরিবারের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে এই বাইক দুর্ঘটনা। রাস্তা দিয়ে চলাচলের সময় বাইকারদের অনেক অনিয়ম চোখে পড়ে। বেশিরভাগ চালক গতিসীমা তোয়াক্কা করেন না, অনেক বাইকার ট্রাফিক আইন-কানুনের ধারও ধারেন না। রাস্তায় জ্যাম অথবা সিগন্যাল থাকলেও বাইক যেন থামতেই চায় না। কোনো রকম একটু ফাঁক পেলেই সেখান দিয়ে বেরিয়ে যায়। কেউ কেউ কানে হেডফোন দিয়ে দিব্বি বাইক চালায়। আনন্দ, খুশি, উল্ল­াস করতে গিয়ে অনেক ফুটফুটে প্রাণ অকালেই বাইক দুর্ঘটনায় ঝরে গেছে। বাইক হচ্ছে দুচাকার বাহন, যা সামান্য ধাক্কায় পড়ে গিয়ে দুর্ঘটনাটা ঘটতে পারে। তারপরেও নেই সর্তকতা! সামান্য একটু অসতর্কতা জীবন কেড়ে নিতে পারে। তাই এ ব্যাপারে সচেতন হতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আবদুল্ল­াহ

শিক্ষার্থী, ঢাকা কলেজ