ওয়ান স্টপ সার্ভিস চালু করল বিসিক

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:০১

ইত্তেফাক রিপোর্ট

দেশি-বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনে (বিসিক) ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবার উদ্বোধন ঘোষণা করেন। এর ফলে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা বিসিকের মাধ্যমে ট্রেড লাইসেন্স, জমি নিবন্ধন, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুত্, গ্যাস ও পানি সংযোগ, টেলিফোন সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট সব সেবার জন্য অনলাইনে আবেদন করে একই জায়গা থেকেই এসব সেবা পাবেন। ফলে কোনো বিনিয়োগকারীকে প্রাথমিক অনুমোদন ও অন্যান্য সেবার জন্য আর সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে যেতে হবে না।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, ওয়ান স্টপ সার্ভিসের উদ্বোধনের মাধ্যমে বিসিক নতুন যুগে প্রবেশ করল। এখন থেকে উদ্যোক্তাগণ শিল্প নিবন্ধন সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে থেকে গ্রহণ করতে পারবেন। এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আওতাধীন ১৭টি সেবাও ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার জন্য বিসিক কার্যক্রম শুরু করেছে। বিসিকের নিজস্ব আরো ২৯টি সেবা এবং বিসিক বহির্ভূত ১৩টি সেবা ক্রমে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মতো বিসিকের শিল্পনগরীসমূহের আওতাধীন শিল্পপ্রতিষ্ঠানসমূহকে ট্রেড লাইসেন্স প্রদানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছে বিসিক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এমপি। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজম, শিল্পসচিব জাকিয়া সুলতানা, এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান মোশতাক হাসান, এনডিসি।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বিসিকে ওয়ান স্টপ সার্ভিস চালু করার ফলে এখন থেকে উদ্যোক্তাগণ ঘরে বসেই বিভিন্ন ধরনের সেবা নিতে পারবেন। ফলে তাদের একদিকে যেমন সময় কম লাগবে অপরদিকে অর্থেরও সাশ্রয় হবে।