কাগজবিহীন নিরীক্ষা যুগের সূচনা
ইত্তেফাক রিপোর্ট
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চার্টার্ড অ্যাকাউনটেন্টদের নিরীক্ষার সর্বাধুনিক পদ্ধতি সম্পর্কে অবগত থাকতে হয়। এজন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং প্রযুক্তি ব্যবহারে তাদের দক্ষতা অর্জন অত্যাবশ্যকীয়। প্রযুক্তি একজন চার্টার্ড অ্যাকাউনটেন্টকে নিরীক্ষার সর্বোত্তম মান নিশ্চিত করতে সাহায্য করে। ‘ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডিসিমিনেশন অব অডিট প্রাকটিস সফটওয়্যার ফর সিএ ফার্মস ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে দি চার্টার্ড অ্যাকাউনটেন্টন্স অব বাংলাদেশ (আইসিএবি) অডিট প্রাকটিস সফটওয়্যারের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান গতকাল রবিবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নিরীক্ষা কর্যক্রমে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে এসব কথা বলেন। তাদের মতে, ডিজিটাল ব্যবস্থার আত্মীকরণ নিরীক্ষা মন্নোয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সময় ও ভুল কমিয়ে আনতে সাহায্য করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এতে সূচনা বক্তব্য রাখেন আইসিএবির প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু, এফসিএ। অডিট সফটওয়্যারের গুরুত্ব তুলে বক্তব্য রাখেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মারিয়া হাওলাদার, এফসিএ। এতে আরো বক্তব্য রাখেন আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল কাদের জোয়াদ্দার, এফসিএ এবং সিইও শুভাশীষ বসু।
