তফসিল ঘোষণার পর নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, লেভেল প্লেয়িং এর বিষয়টা এখন পুরোপুরি নির্বাচন কমিশনের উপর। এখানে সরকারের কিছু করার নেই। এটা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। কারণ ইলেকশনের শিডিউল ঘোষণার পর থেকে এটা নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। শনিবার দুপুরে ঢাকায় ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না পেলে যেকোনো সময় জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে সরে আসতে পারে বলে বিএনপির নেতারা এ বক্তব্য দেন। এ বিষয়ে সেতুমন্ত্রী বলেন, পল্টনে যে ঘটনাটি বিএনপি ঘটিয়েছে, এটাতে তারা সুষ্ঠু পরিবেশ চায়? তাদের আচরণে তো তার প্রকাশ নেই। যেভাবে তারা পুলিশের উপর ঝাঁপিয়ে পড়েছে, এটা তো প্রকাশ্যে ঘটেছে। তারা মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে যে দানবীয় কাণ্ড ঘটাল। এখানেই তাদের নির্বাচনে অংশগ্রহণের সংশয় রয়ে গেছে।
ঐক্যফ্রন্টের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের পিএম ফেসের (প্রধানমন্ত্রী কে হবেন) প্রশ্নটা তো প্রথমে আমি করেছি। সংসদীয় গণতন্ত্রে তাদের প্রধানমন্ত্রী কে হবেন? যদি আপনারা (ঐক্যফ্রন্ট) নির্বাচিত হন। এ প্রশ্নটা আমি রেইজ করেছি, এখন পর্যন্ত জবাব পাইনি।
গতকাল নরসিংদীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ৫০ বছর আগে থেকে গ্রামে গ্রামে এই ঘটনা ঘটে আসছে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিছু দিন আগে এমন ঘটনা ঘটেছে, তখন মিডিয়া সেটাকে রাজনীতিতে জড়ায়নি। এখন নির্বাচন, তাই কিছু কিছু মিডিয়া এমন লিখছে।
যুক্তফ্রন্ট নৌকা মার্কা নিয়ে নির্বাচনে আসছে কি না, এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জোট হলে যুক্তফ্রন্ট কুলা মার্কা, আর জাতীয় পার্টি লাঙ্গল মার্কায় করলে যে মার্কায় করবে, আমরা সাপোর্ট দেব।
ইত্তেফাক/জেডএইচ
