স্পোর্টস ডেস্ক
জয়ের সুখানুভূতিকে সঙ্গী করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন সাউদাম্পটনে ভারতের বিরুদ্ধে ফাইনালে মাঠে নামবে কিউইরা। ইংল্যান্ডের বিপক্ষে ১-০ তে সিরিজ জিতে ফাইনালের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ড্র করলেও গতকাল সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।
ইংল্যান্ডের ৩০৩ রানের জবাবে প্রথম ইনিংসে ৩৮৮ রান করেছিল কেন উইলিয়ামসনকে ছাড়া খেলতে নামা ব্ল্যাক ক্যাপসরা। গতকাল ম্যাচের চতুর্থ দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ১২২ রানে। মার্ক উড ২৯, ওলি পোপ ২৩, ক্রলি ১৭ রান করেন। ম্যাট হেনরি, ওয়াগনার ৩টি করে, বোল্ট-প্যাটেল ২টি করে উইকেট নেন। পরে ৩৮ রানের টার্গেট পাড়ি দিতে সময় নেয়নি সফরকারীরা। ২ উইকেটে ৪১ রান তুলে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাট হেনরি ম্যাচ সেরা হন।
