সাকিবের শাস্তি মওকুফের আবেদন মোহামেডানের

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

গত ১১ জুন আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে স্টাম্পে লাথি মেরে, স্টাম্প উপড়ে ফেলার ঘটনায় শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ রেফারির সুপারিশ অনুযায়ী তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা হয়েছে বাঁহাতি এ অলরাউন্ডারের। গতকাল সাকিবের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছে ক্লাবটি।

প্রিমিয়ার লিগের নিয়ন্ত্রক ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চিঠির বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বরাবর চিঠি এসেছে, তাই এটি বিবেচনার বিষয়টিও তার হাতেই।

চিঠিতে মোহামেডানের মূল অনুরোধ হলো, আর্থিক দণ্ড বহাল রেখে তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার। যদিও গতকাল সাকিব নিষেধাজ্ঞার শাস্তি হিসেবে একটি ম্যাচ পার করে ফেলেছেন। তাকে ছাড়াই শুভাগত হোমের নেতৃত্বে গতকাল বিকেএসপিতে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে জয় পেয়েছে মোহামেডান।

ক্লাবটির ক্রিকেট কমিটি চেয়ারম্যান মাসুদুজ্জামানও চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সাকিবের শাস্তি মওকুফের জন্য আমরা আবেদন করেছি। আবেদনপত্রটি সিসিডিএম বরাবর পাঠানো হয়েছে। সেখানে আমরা সিসিডিএমকে অনুরোধ করেছি, তারা যেন সাকিবের শাস্তি মওকুফ করে। যদি তা (শাস্তি মওকুফ) না হয়, সেক্ষেত্রে এটি (শাস্তি) যেন পিছিয়ে কার্যকর করে।’

প্রিমিয়ার লিগে মোহামেডানের বড় ভরসা সাকিব। বাঁহাতি এ অলরাউন্ডারকে নিয়েই লিগে বড় কিছুর স্বপ্ন দেখছিল সাদা-কালো শিবির। পারফরম্যান্সের বিচারে নিজে খুব ভালো অবস্থানে না থাকলেও সাকিবের নেতৃত্বেই লড়াই করছিল মোহামেডান। তুমুল উত্তেজনার ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকেও হারিয়েছিল ক্লাবটি। তিন ম্যাচের শাস্তি পুরো কার্যকর হলেও রাউন্ড রবীন লিগের শেষ ম্যাচে সাকিবকে পাবে মোহামেডান।