জাতীয় রাজনীতিতে মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হবার নয় :হানিফ

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৪৩

 

মোহাম্মাদ নাসিম ছিলেন বাংলার জননেতা : তথ্য প্রতিমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনাসভাসহ নানা আয়োজনে গতকাল বর্ষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সাবেক সমন্বয়ক-মুখপাত্র, বিভিন্ন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও ছয় বারের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। পরে তিনি সংবাদিকদের বলেন, জাতীয় রাজনীতিতে মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হবার নয়। মোহাম্মদ নাসিমের মতো জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল।

সকালে মোহাম্মদ নাসিমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার ছোট পুত্র তন্ময় মনসুর। পরে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি। এর আগে মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগ মোহাম্মদ নাসিমের কবরে  শ্রদ্ধা নিবেদন করে। মিলাদ ও দোয়া মাহফিল শেষে বেলা পৌনে ১১টায় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে প্রয়াত জননেতা মোহাম্মদ নাসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসভবনে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কোরআন খতম দেওয়া হয়। বিকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকালে মোহাম্মদ নাসিমের কবর জিয়ারত করেন তার স্ত্রী লায়লা আরজুমান্দ, পুত্র তন্ময় মনসুরসহ পরিবারের সদস্যরা। সিরাজগঞ্জের কাজিপুরে দোয়া, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করেন মোহাম্মদ নাসিমের বড় ছেলে তানভীর শাকিল জয় এমপি। সেখানে প্রায় ১৫ হাজার দুস্থদের কাঙ্গালি ভোজ খাওয়ানো হয়েছে। পাবনার সাথিয়া উপজেলার নামডাঙ্গা ইউনিয়নের সোনাতলা গ্রামে ১২ হাজার দুস্থকে কাঙ্গালি ভোজ খাওয়ানো হয়। সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর সহযোগিতায় স্থানীয় নেতা হাফিজের উদ্যোগে সেখানে মিলাদ ও দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।

আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, মোহাম্মাদ নাসিম ছিলেন সারা বাংলার জননেতা, আমার রাজনৈতিক শিক্ষাগুরু। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে রবিবার নন্দিত জননেতা প্রয়াত মোহাম্মাদ নাসিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মোহাম্মাদ নাসিম ফাউন্ডেশন।