ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলনের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৩ জুন ২০২১, ২১:৪৩

আজ ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট হাবিবুর রহমান মিলনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। বহু প্রতিভাসম্পন্ন এই সাংবাদিক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) চেয়ারম্যান ও ঐক্যবদ্ধ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ছিলেন।

বঙ্গবন্ধু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মিলন ১৯৬৩ সালে দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। ১৯৬৪ সালে দৈনিক পয়গাম ও দৈনিক আজাদে কাজ করার পর ১৯৬৫ সালে মুসাফিরখ্যাত তফাজ্জল হোসেন মানিক মিয়ার আহ্বানে দৈনিক ইত্তেফাকে যোগদান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতাই ছিল তার একমাত্র পেশা।

১৯৩৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্মগ্রহণকারী এই কৃতী সাংবাদিক দৈনিক ইত্তেফাকে ঘরে-বাইরে শিরোনামে কলাম লিখতেন সন্ধানী ছদ্মনামে, ২০১৫ সালের ১৪ জুন মারা যান এই প্রথিতযশা সাংবাদিক।

মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জিয়ারত, মরহুমের বাসভবনে কোরআন পাঠ, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণের আয়োজন করা হয়েছে এবং সকলের নিকট তার আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।