অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি

আপডেট : ১৩ জুন ২০২১, ২২:২০

রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকার বাসিন্দা জাহানারা বেগম বা আলুপট্টি মোড়ের নাজমা খাতুন পত্রিকা পড়ে জানতে পারেন ১২ লিটার সিলিন্ডার গ্যাসের দাম ৮৪২ টাকা। কিন্তু দোকানে যেয়ে বিক্রেতার কথা শুনে চোখ কপালে। দোকানি দাম চাইছেন ৯৫০ টাকা। তার সাফ কথা, এক টাকা কমেও বিক্রি করবে না গ্যাস। এমন অবস্থা সব জায়গাতেই চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না সিলিন্ডার গ্যাস। সরকারি সিদ্ধান্ত কার্যকরের দুই দিন পার হলেও তা বিক্রি হচ্ছে আগের দামেই। ফলে ক্রেতাদের গুণতে হচ্ছে অতিরিক্ত টাকার। আলুপট্টি ও সাগরপাড়া এলাকায় কথা হয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিলিন্ডার গ্যাস ব্যবসায়ীর সঙ্গে। তারা দাবি করেন, গত সপ্তাহে তারা ৮৫০ টাকায় ১২ লিটারের সিলিন্ডার গ্যাস ক্রয় করেছেন। দোকানে তারা প্রতি সিলিন্ডার ৮০ টাকা লাভে ৯৩০ টাকায় এবং বাসায় পৌঁছে দেওয়ার চার্জসহ ৯৫০ টাকায় বিক্রি করছেন। তারা ডিলার কিংবা সরকারের লিখিত কোনো নির্দেশনা পাননি।

দোকানদাররা অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করলেও ক্রেতাকে কোনো ক্যাশ মেমোও দিচ্ছেন না। নগরীর সাবেক কল্পনা হলের (স্বচ্ছ টাওয়ার) সামনের সাদিয়া গ্যাস বিতানের এক বিক্রেতা জানান, সরকার যে দাম নির্ধারিত করেছে তা কোম্পানি তাদের নির্ধারিত করে দেয়নি। সরকারের কথা মতো গ্যাস বিক্রি করলে লোকসান হবে। তাই কোম্পানির কথা মতো গ্যাস বিক্রি করতে হবে।

ডিলার পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, বেশির ভাগ ডিলার গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন না। গুল গফুর পেট্রোল পাম্প ও হালিমা এজেন্সির ম্যানেজার আব্দুর রহিম জানান, সরকারি নির্দেশনার আগের দিন দুইটি কোম্পানি দাম বাড়বে এমন প্রলোভনে ফেলে তাদের কাছে আড়াই হাজার সিলিন্ডার গ্যাস বাজার মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করেছে। এখন ঐ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আর ফোন ধরছে না। ফলে বেশি দামে সিলিন্ডার গ্যাস কিনে তারা পড়েছেন বিপাকে। সরকারনির্ধারিত দামে বিক্রি করলে সিলিন্ডার প্রতি ১০০ টাকা লোকসান হবে। আবার বেশি দামি বিক্রি করলে ভোক্তা অধিদপ্তর জরিমানা করবে। এ কারণে তারা গ্যাস সিলিন্ডার বিক্রি আপাতত বন্ধ রেখেছেন।

গত সোমবার গ্যাসের নতুন দাম ঘোষণা করে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’। বিশ্ববাজারে দাম কমায় দেশে ভোক্তাপর্যায়ে তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) মূল্য দ্বিতীয় বারের মতো সমন্বয় করে প্রতিষ্ঠানটি। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে ৮৪২ টাকা করা হয়। যা শনিবার থেকে কার্যকর হয়েছে। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহূত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা ৭০ পয়সা। এর আগে গত ২৯ এপ্রিল একদফা দাম সমন্বয় করা হয়।