শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সরকারের বিকল্প চিন্তাও রয়েছে। তিনি বলেছেন, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এখন সেটিও যদি না হয়, আমরা তার বিকল্প নিয়েও চিন্তা করছি। এখন পরীক্ষা আমরা নিতে পারব কি না, পরীক্ষা নিতে না পারলে বিকল্প কোন ব্যবস্থা হবে—তার সবকিছু নিয়েই আমাদের চিন্তাভাবনা চলছে।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনাসভা শেষে তিনি এসব কথা বলেন।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, এক বছর পরীক্ষা না দিলে জীবনের এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না। বিশেষ করে যারা ২০২১-এর এসএসসি এবং এসএসসির শিক্ষার্থী, আপনারা বিভ্রান্ত হবেন না। ভুলপথে যাবেন না। নিজেরা বাড়িতে নিজেদের সুস্থ রাখার জন্য শারীরিক এবং মানসিকভাবে সেটির জন্য কাজ করুন। কোনো খারাপ কিছুতে নিজেদের জড়িয়ে ফেলবেন না।
তিনি বলেন, পরীক্ষা নিতে পারব কী পারব না, না নিলে বিকল্প ব্যবস্থা কি হবে সবকিছু নিয়ে চিন্তাভাবনা রয়েছে। অনলাইন ও অ্যাসাইনমেন্ট যা হচ্ছে, তার বাইরে যেটুকু সম্ভব শিক্ষার্থীরা পড়াশোনাটা বাড়িতে চালিয়ে যাক। তাদের উদ্বেগের কোনো কারণ নেই। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যাতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের ক্ষতিটা সামগ্রিক শিক্ষাব্যবস্থার ক্ষতি এবং এই ক্ষতিটা সারা বিশ্বেই হচ্ছে। এই ক্ষতিটা কী করে পুষিয়ে নেওয়া যায়, সেই ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদেরও দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারে আরো কী করা যায়—সে ব্যাপারেও চিন্তাভাবনা করছি আমরা।’
