চট্টগ্রাম কারাগার থেকে কক্সবাজার কারাগারে আনার চার দিনের মাথায় জামিনের আবেদন করেছেন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কারান্তরীণ টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। গতকাল রবিবার দুপুরের দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈলের আদালতে তাঁর জামিনের আবেদন করা হয়। ২৭ জুন জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম।
ওসি প্রদীপের পক্ষে আইনজীবী মহিউদ্দিনের করা জামিন আবেদনের শুনানি করতে রবিবার কক্সবাজার আদালতে এসেছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নেতৃত্বে একটি আইনজীবী প্যানেল। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কক্সবাজার কারাগারে আনা হয় ওসি প্রদীপকে।
মেজর সিনহা হত্যা মামলায় গত বছরের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খায়রুল ইসলাম। মামলার অপর অভিযুক্ত ওসি প্রদীপের অন্যতম সহযোগী কনস্টেবল সাগর দেব এখনো পলাতক রয়েছেন।
