ছয় দিন বিরতির পর জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশন বসছে আজ সোমবার সকাল ১১টায়। গত ৭ জুন সংসদে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ টাকার সম্পূরক বাজেট পাশের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৪ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। উল্লেখ্য, গত ২ জুন চলতি একাদশ সংসদের ত্রয়োদশ অধিবেশন শুরু হয়, যা এ বছরের বাজেট অধিবেশন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ থেকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। আগামীকাল মঙ্গলবার ছাড়াও ১৬, ১৭ ও ২৮ জুন নতুন বছরের বাজেটের ওপর আলোচনা হবে। ২৯ জুন মূল বাজেটের সমাপনী আলোচনা এবং অর্থবিল পাশ হবে। আর ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাশ হবে। এছাড়া ১ জুলাই বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব, বেসরকারি বিল উত্থাপন, সরকারি বিল পাশ এবং অধিবেশন সমাপ্তি হতে পারে।
