চীন সরকারের উপহার হিসেবে দ্বিতীয় চালানে আরো ৬ লাখ ডোজ কোভিড-১৯ টিকা গতকাল রবিবার ঢাকায় পৌঁছেছে। এর আগে গত ১২ মে প্রথম চালানে ৫ লাখ ডোজ টিকা এসেছিল চীন থেকে। সব মিলিয়ে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা উপহার পেল বাংলাদেশ।
দ্বিতীয় চালান নিয়ে গতকাল বিকেলে বিমান বাহিনীর দুটি সি-১৩০ উড়োজাহাজ ঢাকায় বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে। টিকা নিতে এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিঅ্যান্ডএএইচ অপারেশনাল প্ল্যানের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক, ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার মাওলা বক্স।
ডা. শামসুল হক সাংবাদিকদের বলেন, এই টিকা দুই থেকে আট ডিগ্রি তাপমাত্রায় রাখতে হয়। এজন্য ইপিআইয়ের কোল্ড স্টোরেজে নিয়ে রাখা হবে। এসব টিকা দেওয়ার ক্ষেত্রে মেডিক্যাল শিক্ষার্থীরা অগ্রাধিকার তালিকায় রয়েছেন। তিনি জানান, বাংলাদেশ আওয়ামী লীগকে চীনের কমিউনিস্ট পার্টির দেওয়া কিছু সুরক্ষাসামগ্রীও একই উড়োজাহাজে এসেছে।
