রাজশাহীর পাশাপাশি ঢাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির মধ্যে দেশে গত এক দিনে আরো ৪৭ জনের মৃত্যু হয়েছে। যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষে গত ৯ মে দেশে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল; সেদিন করোনা ভাইরাসে ৫৬ জনের মৃত্যুর খবর এসেছিল। গত এক দিনে করোনা সংক্রমণ ধরা পড়েছে আরো ২ হাজার ৪৩৬ জনের মধ্যে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ২৬ হাজার ৯২২ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১১৮ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ২ হাজার ২৪২ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৬ হাজার ২৬৬ জন। করোনার প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সে সময় টানা চার দিন মৃত্যুর সংখ্যা ছিল ১০০-এর ওপরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১২টি ল্যাবে ১৮ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ লাখ ৩ হাজার ৪১১টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৬ লাখ ৭১ হাজার ৭০১টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ৩২ জন পুরুষ আর নারী ১৫ জন। তাদের ৪২ জন সরকারি হাসপাতালে, তিন জন বেসরকারি হাসপাতালে মারা যান।
