দেশে আইনের শাসন নেই, চলছে ‘হ্যাঁ-না’র সংসদ :জাপা মহাসচিব

আপডেট : ১৪ জুন ২০২১, ০০:৩৭

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশে আজ আইনের শাসন নেই। চলছে বিচারহীনতার সংস্কৃতি। দেশে চলছে ‘হ্যাঁ-না’র সংসদ। মানুষের সুখ-দুঃখ ও বেদনার কথা তুলে ধরতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হতে হয়। দেশের মানুষ আজ সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। আগামী ১৪ জুলাই জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল ররিবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাপার মহাসচিব বলেন, অর্থমন্ত্রী সংসদে বলেছেন, সরকার প্রতি মাসে ২৫ লাখ লোককে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে। এটাও যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে ১৮ কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে ১০ বছর লাগবে। করোনার সংক্রমণ কি ১০ বছর পর্যন্ত থেমে থাকবে? করোনা মহামারি আমাদের সমাজকে এমনভাবে স্থবির করে দিয়েছে যে, আমাদের ৪ কোটি শিক্ষার্থী দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাহিদুর রহমান টেপা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির প্রমুখ।