তামাকের ন্যায্যমূল্য নির্ধারণ, নিম্নস্তরের সিগারেটের মূল্যবৃদ্ধি, বিড়ির মূল্যস্তর কমানোসহ ৬ দফা দাবি পেশ করেছেন বান্দরবানের তামাকচাষি, ব্যবসায়ী ও শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার লামা প্রেসক্লাবে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা। পরিষদের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আবু। এ সময় উপস্থিত ছিলেন লামা পৌরসভার কাউন্সিলর বিশিষ্ট তামাকচাষি মংলাসিং, পরিষদের সমন্বয়কারী মো. ফারুক হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে আবুল কালাম আবু বলেন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বেশির ভাগ মানুষ তামাক চাষের সঙ্গে জড়িত। পাহাড়ি অঞ্চল হওয়ায় এখানে অন্য কোনো ফসলের ফলন ভালো হয় না। ফলে তামাক চাষ করে আমরা জীবিকা নির্বাহ করি। তাই তামাক চাষি, ব্যবসায়ী ও শ্রমিককরা বিড়িশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রস্তাবিত বাজেটে বিড়িশিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদ সম্মেলনে তামাক বিক্রয়ের নিশ্চয়তা ও বিড়ির ওপর অগ্রিম আয়কর কমানোর দাবি জানান তারা।
