আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নামের এক ইসলামি বক্তা গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের বিষয়ে কোনো থানা সাধারণ ডায়ারি বা মামলা নিচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গত বৃহস্পতিবার রংপুরে একটি ইসলামি আলোচনাসভা শেষে ঢাকায় ফেরার পথে আমিনবাজার-গাবতলী এলাকার কাছাকাছি তাকেসহ আরো তিন জনকে তুলে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে থাকা অন্যরা হলেন—আদনানের গাড়ির ড্রাইভার আমির উদ্দিন ফয়েজ, সফরসঙ্গী আব্দুল মুহিত ও মো. ফিরোজ।
বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশ বলছে, তিনি ঠিক কোন্ জায়গা থেকে নিখোঁজ হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলেই মামলা নেয়নি কোনো থানা। আদনানের স্ত্রী সাবেকুন নাহার বলেন, ‘আবু ত্ব-হা মুহাম্মদ আদনান বৃহস্পতিবার দুপুরে রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হন। রাত ২টা ৩৭ মিনিটে তার (আদনান) সঙ্গে শেষ কথা হয়, তিনি তখন বলেছেন কাছাকাছি চলে আসছেন। উনি তখন গাবতলী ছিলেন। এরপর রাত ৩টা থেকে তার ফোন বন্ধ পাই, এখনো পর্যন্ত নম্বর বন্ধই পাচ্ছি।’ তিনি জানান, নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়িচালকসহ আরো তিন জন ছিলেন। তার গাড়ির নম্বর ঢাকা মেট্রো গ ৩৩৪৩৪২।
মামলা প্রসঙ্গে সাবেকুন নাহার বলেন, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব? মামলা করব কী, কেউ তো জিডিই নিতে রাজি হচ্ছে না। তিনি জানান, স্বামী নিখোঁঁজ হওয়ার বিষয় নিয়ে শুক্রবার বিকালেই পুলিশের শরণাপন্ন হন তারা। কিন্তু রবিবার বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত গাবতলীসংলগ্ন দারুসসালাম থানা কিংবা মিরপুর থানা কেউই মামলা গ্রহণ করেনি।
আদনানের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিবিসি দারুসসালাম এবং মিরপুর থানার সঙ্গে যোগাযোগ করে। মিরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ স্বীকার করেছেন, যে কোনো সাধারণ ডায়ারি বা মামলা গ্রহণ করেননি তারা। তিনি কারণ হিসেবে বলছেন, উনি (মি. আদনান) কোথা থেকে নিখোঁজ হয়েছেন সেই লোকেশনটা তো আমরা নিশ্চিত না। উনি গাবতলী থেকে নিখোঁজ হইছেন, সেটা তো আমরা জানি না। সেক্ষেত্রে যেখান থেকে উনি রওয়া হয়েছেন, সেই রংপুর অথবা ওনার ঢাকায় যেখানে বাসা, সেখানে জিডি বা মামলা হতে পারে। এখন পুলিশ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশের সংশ্লিষ্ট বিভাগের সাহায্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেছেন, গাবতলী এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আদনানকে বা তার গাড়ি দেখা যায়নি।
