সোনারগাঁওয়ে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের চাঁদাবাজি

আপডেট : ১৪ জুন ২০২১, ০১:০৪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনমান্দি ইউনিয়নের চরলাল গ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ছোট ভাই ইয়ার ভুঁইয়া বাদী হয়ে গতকাল রবিবার তার আপন ভাই মো. কাউছার, নাজিম উদ্দিন ও বোন সুরবানুসহ অজ্ঞাত আরো দুই-তিন জনকে আসামি করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। বাদী ও বিবাদীগণ উপজেলার চরলাল গ্রামের মৃত ইয়ানুস ভুঁইয়ার সন্তান।

অভিযোগে বাদী উল্লেখ করেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের ভবেনাপুর মৌজায় সি এস, এস এ ও আর এস ২৮ দাগে ১২ শতাংশ নাল জমি ক্রয়সূত্রে ভোগ দখল করিয়া আসিতেছে। ইয়ার ভুঁইয়া নিরীহ ও সরল মানুষ বিধায় বিবাদীগণ জোরপূর্বক নিজেদেরকে জায়গার মালিক দাবি করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করে আসছে।

বাদী ইয়ার ভুঁইয়া জানান, আমার ক্রয় করা সম্পত্তির ওপর রবি টেলিকম কোম্পানিকে চুক্তিভিত্তিক টাওয়ার তৈরি করার জন্য ভাড়া দেই। কোম্পানির কাজ শুরু করতে না করতেই আমার ভাই-বোন (বিবাদীগণ) মিলে আমার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা আদায় করে। এর পরেও তারা আমাকে চলাচলের রাস্তায় লোকজন লেলিয়ে দিয়ে কয়েকদফা মারধর করেছে। এখানেই শেষ নয়, আমাকে ও আমার পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে বিবাদীগণ।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।