দেশীয় অস্ত্রসহ পাঁচ কিশোর গ্রেফতার

আপডেট : ১৪ জুন ২০২১, ০১:০৪

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে নগরীর দক্ষিণ ছায়াবীথি আবাসিক এলাকা থেকে কিশোর অপরাধী চক্রের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। এদের বাড়ি নগরীর ভিন্ন ভিন্ন এলাকায়। গ্রেফতারকৃতরা হলো—মো. শাকিল হোসেন, ইমতিয়াজ আহমেদ, রাশেদুল আলম হূদয়, সাজেদুল করিম চৌধুরী ও সাজ্জাদ রহমান সাব্বির। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান জানান, শনিবার রাতে ঐ চক্র দক্ষিণ ছায়াবীথি এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে কোনো অপরাধ ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে—এমন খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ঐ পাঁচ কিশোরকে আটক করে এবং তাদের দেহ তল্লাশি করে চাপাতিসহ তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সদর থানায় মামলা হয়েছে।