নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান

আপডেট : ১৪ জুন ২০২১, ০১:০৬

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান হয়েছে। গতকাল রবিবার ইসরাইলের পার্লামেন্ট নেসেটে অনুষ্ঠিত ভোটে নতুন জোট সরকারকে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন জোট সরকার (পরিবর্তনের সরকার) গঠনের পক্ষে ৬০ আর বিপক্ষে ৫৯টি ভোট পড়েছে। নতুন সরকারের নেতৃত্ব দেবেন কট্টর জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেট, যিনি একসময় নেতানিয়াহুর শীর্ষ ছিলেন। ভোটাভুটির কিছু সময় পরই বেনেট প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।—খবর বিবিসি ও আলজাজিরার

গত ২ জুন একটি নতুন সরকার গঠনের চুক্তিতে পৌঁছায় বিরোধী আটটি দল। মধ্যপন্থি দল ইয়েশ আতিদ পার্টির নেতা জায়ের ল্যাপিড এবং বেনেট প্রধানমন্ত্রীত্বের মেয়াদ ভাগাভাগি করবেন। চুক্তি অনুযায়ী প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন বেনেট। ২০২৩ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে বেনেটের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবেন ল্যাপিড। অন্যদিকে নেতানিয়াহু ডানপন্থি লিকুদ পার্টির প্রধান হিসেবে থাকবেন এবং নেসেট বিরোধীদলীয় নেতা হবেন।

এই প্রথম বারের মতো ইসরাইলের আরব পার্টিকে সরকারে যুক্ত করা হচ্ছে। যে দলগুলো মিলে এই জোট হয়েছে, তার মধ্যে ইসরাইলের সব ঘরানার রাজনৈতিক দল রয়েছে। রাজনৈতিক দিক দিয়ে এসব দলের মধ্যে খুব কম বিষয়ে মতের মিল রয়েছে। শুধু একটি বিষয় ছাড়া—আর তাহলো সেখানকার সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। গত মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন। এটা ছিল গত দুই বছরে চতুর্থ সাধারণ নির্বাচন, যার পর তিনি জোট গঠনের জন্য মিত্র পেতে ব্যর্থ হন।

শুরু থেকেই এই জোট সরকার গঠনের সমালোচনা করে এসেছেন নেতানিয়াহু। তিনি এই জোট সরকার গঠনের প্রস্তাবকে শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা বলে মন্তব্য করেছিলেন। নেসেটে গতকাল বিতর্কের সময় নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী বেনেটকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।