সীমান্তবর্তী বিরামপুর উপজেলায় করোনা প্রতিরোধে মাস্ক না পরলেই জরিমানা ও ২-৬ ঘণ্টা আটকাদেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ জুন) উপজেলা কনফারেন্স রুমে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি মূলক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার পরে উপজেলার ৩০টি স্থানে দশ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী, থানার ওসি সুমন কুমার মহন্ত, অধ্যক্ষ শিশির কুমার সরকার, অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপাল কুণ্ড ও শিবেশ কুণ্ড, প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, সাত ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীবৃন্দ।
এছাড়াও সভায় গণপরিবহণ ও খাবার হোটেলে অর্ধেক আসন খালি রাখা, হাট বাজার, বাসস্ট্যান্ড ও রেল স্টেশনে লোকজনের মাস্ক পরা নিশ্চিত করার জন্য প্রশাসনিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এমআর
